← সব সতর্কতা
“ফ্রি ভিসা” মানে আসল চাকরি নয়
মধ্যপ্রাচ্যে "ফ্রি ভিসা" বা "আজাদ ভিসা" বলে যা বিক্রি হয়, তাতে সাধারণত নির্দিষ্ট কোনো নিয়োগকর্তা বা কাজ থাকে না। এভাবে গিয়ে অনেকে বেকার থাকেন বা অবৈধ হয়ে পড়েন।
সর্বশেষ হালনাগাদ: ১৪ নভেম্বর ২০২৬
কীভাবে চিনবেন
- "ফ্রি ভিসা", "আজাদ ভিসা" বা "যেখানে খুশি কাজ" বলে বিজ্ঞাপন দেয়
- কোন কোম্পানিতে, কী কাজ, কত বেতন, লিখিতভাবে বলতে পারে না
- চাকরির চুক্তিপত্র (Employment Contract) দেখাতে চায় না
- বলে, "ওখানে গিয়ে কাজ খুঁজে নেবেন"
- সরকারি নিবন্ধন ও ক্লিয়ারেন্স ছাড়াই পাঠাতে চায়
দালালরা বলে, “এই ভিসায় গিয়ে যেখানে খুশি কাজ করতে পারবেন।” শুনতে ভালো লাগলেও বাস্তবে এই দেশগুলোতে কাজের ভিসা একজন নির্দিষ্ট নিয়োগকর্তার (স্পন্সর/কফিল) নামে হয়। স্পন্সরের অধীনে কাজ না করে অন্য জায়গায় কাজ করা সেখানকার আইনে অবৈধ।
এভাবে যাওয়া অনেকে মাসের পর মাস কাজ পান না, আকামা বা রেসিডেন্সি নবায়নের টাকা নিজেকে দিতে হয়, আর ধরা পড়লে জেল বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে। তখন দেশে রেখে যাওয়া লাখ টাকার ঋণও শোধ হয় না।
কী করবেন
- কোন কোম্পানিতে কী কাজ আর কত বেতন, লিখিত চুক্তিপত্র চেয়ে নিন
- এজেন্সির লাইসেন্স নম্বর নিয়ে বিদেশো-তে যাচাই করুন
- BMET-এর নিবন্ধন আর বহির্গমন ছাড়পত্র (স্মার্ট কার্ড) ছাড়া রওনা দেবেন না
- কাজ ও নিয়োগকর্তা নিশ্চিত না হলে টাকা দেবেন না